অস্বীকারের পর

তন্ময় ভট্টাচার্য



বলেছিল, 'তুমি আমার কাছেই ফিরবে...'

বিশ্বাস দেখে চমকে উঠেছে অক্ষর
আমি তাতে কিছু আলোচনা ঢেলে দিয়েছি

দুব্বো লেগেছে তার গায়ে, ইটে শ্যাওলা
পায়ে পায়ে কিছু মরতে বসেছে সত্যিই
তবু পিচ্ছিল, পড়ে গেছি মুখ থুবড়ে

সারা গায়ে ব্যথা, কোনওক্রমে উঠে দাঁড়িয়ে
তার বলাটুকু বাঁচিয়ে রাখতে রাতদিন
হেঁটেছি এবং হাঁটতে হাঁটতে জঙ্গল

এইখানে এসে আলোচনা ইতি টানত
কিন্তু বেচারি আলসাপ এত মিশুকে
গলায় জড়িয়ে আমিও তো শিবশম্ভু

জঙ্গল ক্রমে ঘন হয়, ক্রমে পাতলা
ওই যে ওই যে তার বাড়ি, তার শব্দ
বলাটুকু আজও পতাকায় লেখা, উড়ছে

আমার শরীরে বাঘছাল, বুকে ভস্ম
কপালে কিছুটা মাটি এঁটে আছে শুকনো
হাতে তো কলম, ত্রিশূলের মতো দেখতে

চিনতে পারেনি; অবশ্য তার দোষ নেই
আমি একা বসে রয়েছি অতীতগর্ভে অতীত বলতে গাছতলা, তার সামনে

করোটি রেখেছি, রেখেছি তন্ত্রমন্ত ্র
সাধনা করেছি নির্জলা কোটি বচ্ছর
তার বলাটুকু গঙ্গায় যেতে দেব না

আমাকে জড়িয়ে থান হল, কত বিশ্বাস
শুশ্রূষা পেতে চরণে ছোঁয়াল হত্যে
ভালো হয়ে তারা ফিরে গেল ঠিকই একদিন

আমি মরে হেজে তখনও দাঁড়িয়ে একলা
পালাগান থেকে প্রবাদ জন্ম নিচ্ছে

ফিরে তো এসেছি, ফিরে যেতে আমি আসিনি...

ফেসবুক মন্তব্য

Copyrights © 2016 All Rights Reserved by বম্বেDuck and the Authors
Website maintained by SristiSukh CMS
kusumarghya@yahoo.com